দেশের মসজিদগুলোতে বিদ্যুৎ ব্যবহারে নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও রুফটপ সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ করেছে জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। পাশাপাশি সরকারি খরচে হজ পালনের জন্য স্পষ্ট নীতিমালা তৈরির সুপারিশ করা হয়েছে। পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত হাসপাতাল ও মিশনে দীর্ঘদিন কর্মরত চিকিৎসকদের দ্রুত বদলির ওপর জোর দিয়েছে কমিটি।
মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠকে এসব গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল এমপি।
বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের পর কমিটির সদস্য ও উপস্থিত কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর, সংস্থা, হজ ব্যবস্থাপনা, ইসলামিক ফাউন্ডেশন, ওয়াকফ প্রশাসনসহ বিভিন্ন ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ১৮০ দিনের কর্মপরিকল্পনা, বাজেট ও ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত একটি পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশন উপস্থাপন করা হয়।
উপস্থাপিত সার্বিক বিষয়ে বিশদ আলোচনা শেষে সেবার মান বৃদ্ধি ও স্বচ্ছতা নিশ্চিতে বেশ কিছু নির্দেশনা দেয় কমিটি। বিশেষ করে মসজিদগুলোতে সৌর বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি, সরকারি কোটায় হজ যাত্রা সুশৃঙ্খল করা এবং ইসলামিক ফাউন্ডেশনের হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবার গতি ফেরাতে দীর্ঘদিন ধরে এক স্থানে কর্মরত চিকিৎসকদের দ্রুত বদলি কার্যকর করার তাগিদ দেন সংসদ সদস্যরা।
বৈঠকে কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান এমপি, মো. জাহিদুর রহমান এমপি, নুরুল আমিন এমপি, সুবর্না সিকদার এমপি, মো. নুরুল আমীন এমপি, মোহাম্মদ আবুল হাসান এমপি ও মুহাম্মাদ আব্দুল খালেক এমপি সহ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।