ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ মাঘ ১৪৩৩, ২২ রবিউল সানি ১৪৪৮

কুষ্টিয়ায় লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, আহত ৩



কুষ্টিয়ায় লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, আহত ৩

কুষ্টিয়ার ছেউড়িয়ায় ফকির লালন শাহের আখড়াবাড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। আজ রোববার সন্ধ্যা সাড় সাতটার দিকে লালন আখড়া পরিদর্শনকালে এই হামলার ঘটনা ঘটে। এতে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ অন্তত তিনজন আহত হয়েছেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এনসিপির মিডিয়া টিমের দায়িত্বপ্রাপ্ত নেতা ইয়াসির আরাফাত।

এনসিপির নেতৃবৃন্দ ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী লালন আখড়া দেখতে ছেউড়িয়ায় যান। আখড়াবাড়ির প্রধান ফটক দিয়ে প্রবেশের সময় হঠাৎ করেই একদল দুর্বৃত্ত তাঁর গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। ইটের আঘাতে নাসীরুদ্দীন পাটওয়ারীর হাত কেটে যায় এবং গাড়িতে থাকা আরও দুই কর্মী আহত হন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হামলার পরপরই দলীয় নেতা-কর্মীরা তাঁকে দ্রুত নিরাপদে সরিয়ে নিচ্ছেন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, "এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ফকির লালন শাহের মাজারে আসার পর একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে খবর পেয়েছি। সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।"

তিনি আরও জানান, ঠিক কী কারণে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে পুলিশ। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।


   আরও সংবাদ