বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামে ইব্রাহিম। আার তার একমাত্র গোলে ভুটানকে ১-০ ব্যবধানে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে আধিপত্য বিস্তার করে স্বাগতিক দল।
প্রথমার্ধে বল দখল এবং আক্রমণ তৈরিতে এগিয়ে থাকলেও ভুটানের জমাট রক্ষণভাগ ও বিশ্বনাথের কয়েকটি ব্যর্থ প্রচেষ্টার কারণে গোলশূন্যভাবে বিরতিতে যায় বাংলাদেশ। প্রথমার্ধে ৬৪ শতাংশ বল নিজেদের দখলে রেখে ১২টি শট নিলেও গোলের দেখা পায়নি তারা।
বিরতির পরও খেলার গতি ও চাপ বজায় রাখে বাংলাদেশ। ম্যাচের ৬৮তম মিনিটে কাঙ্ক্ষিত সেই সাফল্য আসে বদলি খেলোয়াড় ইব্রাহিমের পা থেকে। বক্সের ভেতর একটি ক্রসে শমিত সোমের হেড করার পর বল ওপরের দিকে উঠে গেলে গোলমুখের সামনে চমৎকার সুযোগ পেয়ে যান ইব্রাহিম। এরপর নিখুঁতভাবে পা ছুঁইয়ে বল জালে জড়িয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন এই ফরোয়ার্ড।
ম্যাচের বাকি সময়ে উভয় দলই বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও ব্যবধান আর বাড়াতে পারেনি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ দল।
গ্রুপ পর্বে নিজেদের পরবর্তী ম্যাচে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এদিকে, সাফ চ্যাম্পিয়নশিপের আজকের আরেক ম্যাচে ‘বি’ গ্রুপের লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে ভারত।