চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে (চতুর্থ বিষয় বাদে) অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি বা অনপূরক পরীক্ষার অনলাইন আবেদন আজ
বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে শুরু হয়েছে। শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে আগামী ৯ নভেম্বর পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। গত বুধবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সোনালী ব্যাংকের ‘সোনালী সেবা’র মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ সময় ১০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। পরীক্ষায় অংশ নিতে প্রতি পত্রের তত্ত্বীয় ফি ১২৫ টাকা, ব্যবহারিক ফি ২৫ টাকা এবং কেন্দ্র ফি ৪৫০ টাকা ধার্য করা হয়েছে। নিয়মিত পরীক্ষার্থীদের জন্য ২০২৬ সালের পূর্ণাঙ্গ পাঠ্যসূচি এবং অনিয়মিতদের জন্য ২০২৫ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিক্ষা বোর্ডের সম্ভাব্য কর্মপরিকল্পনা অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর থেকে সারা দেশে এই পরীক্ষা শুরু হতে পারে এবং ফল প্রকাশ করা হবে ৩১ ডিসেম্বর। নির্ধারিত সময়ের পর কোনো ফি বা আবেদন গ্রহণযোগ্য হবে না বলে সতর্ক করেছে বোর্ড কর্তৃপক্ষ।