রাজধানীর কুর্মিটোলায় বিমানবন্দর সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের একটি টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ক্যান্টনমেন্ট থানা পুলিশের ‘গলফ ক্লাব-৮৩’ টহল গাড়ি লক্ষ্য করে হামলাটি চালানো হয়। ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বনানীর দিক থেকে ৭০ থেকে ৮০টি মোটরসাইকেলের একটি ঝটিকা বহর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কুড়িল বিশ্বরোডের দিকে যাচ্ছিল। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে তারা টহল গাড়িটিকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। ককটেল বিস্ফোরণে টহল গাড়ির চালক কনস্টেবল মো. এনামুল বাম চোখে আঘাত পান। তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং পরে আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদের নির্দেশে এই মিছিলটি বের করা হয়েছিল। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অন্যান্য জড়িতদের গ্রেপ্তারে জোর তৎপরতা চালাচ্ছে।