ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ মাঘ ১৪৩৩, ২৭ রবিউল সানি ১৪৪৮

রেমিট্যান্স বন্ধের হুমকির পেছনে গুপ্ত পরিকল্পনা আছে কি না, প্রশ্ন রিজভীর



রেমিট্যান্স বন্ধের হুমকির পেছনে গুপ্ত পরিকল্পনা আছে কি না, প্রশ্ন রিজভীর

রেমিট্যান্স শাটডাউনের হুমকি দিয়ে বিরোধী দল কী অর্জন করতে চায়, সেই প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব (ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালনকারী) রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, প্রবাসী বাংলাদেশিরা কি সবাই একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অনুসারী যে তাদের রেমিট্যান্স বন্ধের ডাক দেওয়া হচ্ছে? একই সঙ্গে এই হুমকির পেছনে কোনো গুপ্ত পরিকল্পনা রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

শুক্রবার (৯ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে কমল কুঁড়ির রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

সভায় রুহুল কবির রিজভী আরও বলেন, রেমিট্যান্স শুধু সরকারকে সহায়তা করার জন্য পাঠানো হয় না, এটি প্রবাসীদের পরিবারের সদস্যদের জীবনধারণের জন্যও পাঠানো হয়। দেশের অর্থনীতির এই মূল চালিকাশক্তি যারা বন্ধ করতে চায়, তারা কখনোই দেশের স্বার্থে রাজনীতি করেনি।

বিমানবন্দরের সেবা ও শৃঙ্খলা প্রসঙ্গে তিনি বলেন, বিমানবন্দরে কোনো ধরনের অন্যায়, অনিয়ম বা অব্যবস্থাপনা দেখা দিলে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানানো যেতে পারে। তবে কোনো কর্মকর্তার গায়ে হাত তোলা হলে তা গ্রহণযোগ্য নয় এবং আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় অবসরপ্রাপ্ত মেজর আখতারের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, বিএনপিতে থাকাকালীনও তিনি কোনো শৃঙ্খলার মধ্যে ছিলেন না। তিনি যদি এ ধরনের শৃঙ্খলাবিরোধী কোনো কাজ করে থাকেন, তবে সংশ্লিষ্ট দল বা জামায়াত নিজেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।


   আরও সংবাদ