ঢাকা, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ মাঘ ১৪৩৩, ২৬ রবিউল সানি ১৪৪৮

যুবদল নেতার গেটে কাফনের কাপড়, চিঠিতে লেখা জয় বাংলা!



যুবদল নেতার গেটে কাফনের কাপড়, চিঠিতে লেখা জয় বাংলা!

নরসিংদীর সদর উপজেলার আমদিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেনের বাড়ির প্রধান ফটকের সামনে কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল রেখে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার বনাইদ গ্রামে এই ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে আলামতগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী মোবারক হোসেন জানান, ব্যবসায়িক কাজে তিনি ঢাকায় ছিলেন। পরিবারের লোকজনের মাধ্যমে খবর পেয়ে দ্রুত বাড়ি ফিরে স্থানীয় নেতাকর্মী ও পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ এসে একটি শপিং ব্যাগ খুলে তার ভেতরে সাদা কাফনের কাপড়, গোলাপজল, আগরবাতি এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা একটি চিরকুট পায়।

মোবারকের দাবি, আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মোশাররফ মেম্বারের বিপক্ষে যেন তিনি প্রার্থী না হন, সে জন্যই এই হুমকি দেওয়া হয়েছে। এছাড়া বিষয়টি কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি মাধবদী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন এবং চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

আমদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইনুল হক মিয়া এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে আলামতগুলো উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


   আরও সংবাদ