ঢাকা, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ মাঘ ১৪৩৩, ২৪ রবিউল সানি ১৪৪৮

২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: সেরিব্রাল পালসি আক্রান্তদের নতুন আশা



২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: সেরিব্রাল পালসি আক্রান্তদের নতুন আশা

দেশে সেরিব্রাল পালসিতে (সিপি) আক্রান্ত আনুমানিক সাড়ে তিন লাখ শিশুর সমন্বিত চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। চলতি অর্থবছরেই দেশের ২২টি জেলায় সরকারি অর্থায়নে গড়ে তোলা হবে বিশেষায়িত সেবা কেন্দ্র ‘শিশু স্বর্গ’।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে (নিনস) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এই ঘোষণা দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর।

অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. মুহিত বলেন, গবেষণার তথ্যমতে দেশে প্রায় সাড়ে তিন লাখ শিশু সেরিব্রাল পালসিতে আক্রান্ত। অথচ দেশের শীর্ষ নিউরোসায়েন্স প্রতিষ্ঠান ‘নিনস’-এর বহির্বিভাগেই গত বছর মাত্র ৩ হাজার ৩০০ শিশু চিকিৎসা সেবা পেতে সক্ষম হয়েছে। বাকি বিপুলসংখ্যক শিশু সামাজিক বাস্তবতা ও পারিবারিক সীমাবদ্ধতার কারণে আড়ালেই থেকে যাচ্ছে। রাষ্ট্র হিসেবে এই শিশুদের মৌলিক অধিকার, উন্নত চিকিৎসা ও সামাজিক মর্যাদা ফিরিয়ে দেওয়া সরকারের অন্যতম অগ্রাধিকার।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব ও বাজেট বরাদ্দ দেওয়া হচ্ছে। প্রত্যন্ত এলাকার শিশুদের জন্য প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণে ‘কমিউনিটি বেসড আর্লি কেস ডিটেকশন’ ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি। এরই অংশ হিসেবে সম্প্রতি রাজধানীর কড়াইল বস্তিতে একটি পাইলট প্রজেক্টের কাজ শুরু হয়েছে, যেখানে ইতোমধ্যে শনাক্ত হওয়া প্রায় ৩০০ শিশুকে চিকিৎসা ও পরিচর্যার আওতায় আনা হয়েছে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরলস সেবার ভূয়সী প্রশংসা করেন। একই সাথে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য একটি সার্বজনীন ও অন্তর্ভুক্তিমূলক (ইনক্লুসিভ) স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


   আরও সংবাদ