ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ মাঘ ১৪৩৩, ২২ রবিউল সানি ১৪৪৮

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ



বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও বাংলাদেশে ইন্দোনেশিয়ার বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছেন গভর্নর এবং ঢাকায় নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিওয়াতি।

রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক অর্থনৈতিক, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন। বিশেষ করে বাণিজ্য বাড়ানো, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের ওপর জোর দেওয়া হয়।

বৈঠকে গভর্নর দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরে বাংলাদেশে ইন্দোনেশিয়ান বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। দুই দেশের বাণিজ্য সম্পর্ককে আরও ভারসাম্যপূর্ণ ও বহুমুখী করতে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ইলেকট্রনিক্স সামগ্রী ও ওষুধসহ বিভিন্ন পণ্য ইন্দোনেশিয়ায় রপ্তানির সম্ভাবনা নিয়েও কথা হয়।

ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করার আগ্রহ প্রকাশ করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির কথা বলেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূতের সঙ্গে ইন্দোনেশিয়া দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর ওয়াহিউ রিয়াদি, থার্ড সেক্রেটারি রবি ফিরলি হারখা ও কর্মকর্তা সাপতো রুদিয়ান্তো উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ডেপুটি গভর্নর মো. সরোয়ার হোসেন ও নির্বাহী পরিচালক মো. হারুন-অর-রশিদ বৈঠকে অংশ নেন।


   আরও সংবাদ