হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা ফ্লাইটের রানওয়ে এলাকা থেকে জুতার ভেতরে অভিনব কায়দায় লুকানো প্রায় ৯ দশমিক ৩৪ কেজি স্বর্ণসহ দুই বিমানকর্মীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা ৮০টি স্বর্ণবারের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ কোটি ২৫ লাখ টাকা।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিআইআইডির একটি বিশেষ দল বিমানবন্দরের রানওয়ে এলাকায় আগেই কৌশলগত অবস্থান নেয়। দুবাই থেকে আগত এমিরেটস এয়ারলাইন্সের ‘ইকে-০৫৮২’ (EK0582) নম্বর ফ্লাইটটি অবতরণের পর দুই বিমানকর্মীর চলাফেরা ও গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের পায়ে থাকা জুতার ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা ৮০টি স্বর্ণবার জব্দ করা হয়।

কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত প্রতিটি বার ৩ টোলা বা ১১৭ গ্রাম ওজনের। জুতার ভেতর জায়গা তৈরি করে এভাবে স্বর্ণ পাচারের ঘটনাটি একটি সুসংগঠিত চক্রান্তের অংশ।
এই ঘটনার পেছনে আন্তর্জাতিক চোরাচালান চক্রের কোন কোন সদস্য জড়িত, স্বর্ণের মূল চালানটি কার কাছ থেকে এসেছিল এবং এটি কার হাতে পৌঁছানোর কথা ছিল—সেসব তথ্য উদঘাটনে কাস্টমস গোয়েন্দারা বিস্তারিত তদন্ত শুরু করেছেন। আটক দুই বিমানকর্মীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।