ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ মাঘ ১৪৩৩, ২২ রবিউল সানি ১৪৪৮

দেশের সব প্রতিষ্ঠানই এখন বিধ্বস্ত: জামায়াত আমির



দেশের সব প্রতিষ্ঠানই এখন বিধ্বস্ত: জামায়াত আমির

দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানই বর্তমানে বিধ্বস্ত অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ব্যাংক, বিমা, স্টক মার্কেট মাটির সঙ্গে মিশে আছে এবং রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।

রোববার (৪ সেপ্টেম্বর) রাজধানীর মধুবাগ খেলার মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বিমানবন্দরে হয়রানি ও গ্রেফতার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, বিমানবন্দরে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদ করায় ওই বীর মুক্তিযোদ্ধাকে পুলিশ মিথ্যা মামলায় গ্রেফতার করেছে। অভিযোগ তোলা হয়েছে তিনি কাউকে শারীরিকভাবে নাজেহাল করেছেন, যা সিসিটিভি ফুটেজ না দেখিয়েই প্রমাণ করার চেষ্টা চলছে। তাকে অপমান করতেই হেলমেট ও হাতকড়া পরানো হয়েছে উল্লেখ করে তিনি এর তীব্র নিন্দা জানান।

সরকারকে সতর্ক করে ডা. শফিকুর রহমান বলেছে, জনগণকে অন্ধ ভাববেন না। আড়াল করার দিন শেষ, এখন মুহূর্তেই সব তথ্য মানুষের হাতে পৌঁছে যায়।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জামায়াত আমির বলেন, বিশ্ববাজারে ডেঙ্গুর প্রতিষেধক টিকা থাকলেও তা নিশ্চিতে সরকার কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। সরকারিভাবে সম্ভব না হলে বেসরকারি খাতে টিকা আমদানির পথ উন্মুক্ত করার দাবি জানান তিনি। একইসঙ্গে ডেঙ্গু মোকাবিলায় সচেতনতা সৃষ্টির পাশাপাশি জামায়াত রাজপথে সক্রিয় ভূমিকা রাখবে বলেও ঘোষণা দেন।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও ঢাকা মহানগরী উত্তর-দক্ষিণের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ