সরকারের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় তরুণ উদ্যোক্তাদের ঋণ ও অনুদান পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার চেষ্টা করছে একটি চক্র। বিকাশসহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার এই অপচেষ্টা থেকে সবাইকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘উদ্যোগ’ নামে কোনো আনুষ্ঠানিক পেজ বা অ্যাকাউন্ট নেই বলেও স্পষ্ট জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় জানানো হয়, উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি ‘উদ্যোগ’-এর আওতায় ঋণ পাইয়ে দেওয়ার কথা বলে কতিপয় ব্যক্তি অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট করেছে যে, এ কর্মসূচির সব কার্যক্রম স্বচ্ছতা ও যথাযথ প্রক্রিয়ায় পরিচালিত হয়। তাই ঋণ পাইয়ে দেওয়ার নামে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অর্থ প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘উদ্যোগ’ নামে কোনো অফিসিয়াল অ্যাকাউন্ট বা পেজ নেই। এ ধরনের ভুয়া পেজ খুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার বা প্রতারণামূলক কার্যক্রম চালালে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে এবং বিভ্রান্তিকর প্রচারণায় প্রভাবিত না হতে সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, তরুণদের উদ্ভাবনী উদ্যোগে অর্থায়ন ও নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা করেছে। এর অংশ হিসেবে চালু হওয়া ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় তরুণ উদ্যোক্তারা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পাবেন, যার মধ্যে ১০ লাখ টাকা ঋণ এবং বাকি ১০ লাখ টাকা এককালীন অনুদান হিসেবে দেওয়া হবে। গত ১৩ সেপ্টেম্বর নীতিমালা জারির পর প্রথম পর্যায়ে আট জেলায় আবেদন নেওয়া হয় এবং গত ১ নভেম্বর থেকে বাকি ৫৬ জেলার উদ্যোক্তাদের আবেদন গ্রহণ শুরু হয়েছে।