ঢাকা, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ মাঘ ১৪৩৩, ২৪ রবিউল সানি ১৪৪৮

আবারও বাড়ল জেট ফুয়েলের দাম, লিটারে বেড়েছে ১৭ টাকা ৬ পয়সা



আবারও বাড়ল জেট ফুয়েলের দাম, লিটারে বেড়েছে ১৭ টাকা ৬ পয়সা

উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বুধবার (৭ অক্টোবর) নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছে বিইআরসি। 

নতুন নির্ধারিত মূল্যে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম (শুল্ক ও মূসকসহ) ১৮২ টাকা ৭১ পয়সা নির্ধারণ করা হয়েছে। আগের মাসে এই দাম ছিল ১৬৫ টাকা ৬৫ পয়সা। সে হিসেবে সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়েছে ১৭ টাকা ৬ পয়সা, যা শতকরা হিসাবে প্রায় ১০ দশমিক ৩০ শতাংশ বেশি।

বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর প্ল্যাটস রেট এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি স্টেটমেন্টে মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনা করে নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে।

অভ্যন্তরীণ ফ্লাইটের পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জ্বালানির (শুল্ক ও মূসকমুক্ত) দাম ১ দশমিক ০৭৭০ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ১৮৮২ ডলার করা হয়েছে। বিইআরসি জানিয়েছে, নতুন এই মূল্য আজ বুধবার দিগত রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দাম বহাল থাকবে।

দেশের প্রধান বিমানবন্দরগুলোতে নতুন এই মূল্য কার্যকর হবে। এর মধ্যে রয়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, যশোর বিমানবন্দর এবং কক্সবাজার বিমানবন্দরসহ সংশ্লিষ্ট সকল বিমানবন্দর।


   আরও সংবাদ