চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬ দশমিক ৫ একর জমির জন্য 'ইনভেস্ট বাংলাদেশ'-এর সঙ্গে ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে র্যানকন লুব্রিকেন্টস লিমিটেড। সোমবার (৫ অক্টোবর) নতুন এই শিল্প ইউনিটের চুক্তিটি স্বাক্ষরিত হয়।
চুক্তির আওতায় কোম্পানিটি সেখানে ১৯ দশমিক ৬৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। এই প্রকল্পের মাধ্যমে আড়াই শতাধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। ইনভেস্ট বাংলাদেশের পক্ষে সদস্য (বিনিয়োগ উন্নয়ন) নাহিয়ান রহমান রোচি এবং র্যানকন লুব্রিকেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইমরান জামান খান চুক্তিতে স্বাক্ষর করেন।
ইনভেস্ট বাংলাদেশ একীভূত হওয়ার পর এটিই তাদের প্রথম ভূমি ইজারা চুক্তি। ইজারার মেয়াদ ৫০ বছর, যা পরবর্তী সময়ে নবায়নযোগ্য। জমি হস্তান্তরের ১২০ দিনের মধ্যে র্যানকন লুব্রিকেন্টস নির্মাণকাজ শুরু করবে এবং আগামী ৩৬ মাসের মধ্যে কারখানাটি উৎপাদনে যাবে। সরকারি নিয়ম অনুযায়ী সব পরিবেশগত ও নিরাপত্তাসংক্রান্ত বিধি মেনে বর্জ্য শোধনাগার স্থাপন ও ইউটিলিটি সুবিধা নিশ্চিতে ইনভেস্ট বাংলাদেশ সার্বিক সহায়তা প্রদান করবে।